ইসরায়েলে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করলো ফ্লাইদুবাই
দুবাইভিত্তিক বাজেট এয়ারলাইন ফ্লাইদুবাই ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই-তেল আবিব রুটের এফজেড১০৭৩ ফ্লাইটে ককপিটে পাইলটদের মারামারির ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। সংঘর্ষের সেই ঘটনার পর তেল আবিবগামী ওই ফ্লাইটটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করেছিল।
বিমান সংস্থাটি জানিয়েছে, সাময়িক এই স্থগিতাদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যেতে এবং ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও পরিস্থিতি নিশ্চিত’ করতে পারবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের যাত্রী, ক্রু ও কার্যক্রমের নিরাপত্তা এবং কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ফ্লাইদুবাই জানিয়েছে, তারা সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এদিকে ফ্লাইট চলাচল স্থগিতের কারণে যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। সম্ভব হলে তাদের সহায়তা ও বিকল্প ব্যবস্থা করে দেয়ার কাজ চলছে বলেও জানিয়েছে তারা।
এর আগে বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে ১৭৪ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া এফজেড১০৭৩ ফ্লাইটটি ককপিটে সংঘর্ষের ঘটনার পর সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ফ্লাইদুবাই এর আগে জানিয়েছিল, ‘ফ্লাইট ডেকে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে’। এরপর উড়োজাহাজে থাকা ক্রুরা সেটির নিয়ন্ত্রণ নিশ্চিত করে নিরাপদে সৌদি আরবের দিকে গতিপথ পরিবর্তন করেন।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর উড়োজাহাজটির ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হন এবং তাদের হাসপাতালে নেয়া হয়। উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন এবং তাদের সবাই ঠিক আছেন বলে জানানো হয়।
পরে সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানায়, ঘটনাটি তদন্তে তাদের নিরাপত্তা তদন্ত দল কাজ শুরু করেছে। পরিস্থিতি কীভাবে ঘটেছে তা নির্ধারণ, বিমান চলাচলের নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনা এবং সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ সংগ্রহে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরে ফ্লাইদুবাইয়ের দেয়া একটি বিকল্প উড়োজাহাজে করে যাত্রীরা তাবুক ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন।




















