ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা: নথি ফাঁস
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ নভেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ভেতরে বা কাছাকাছি এলাকায় আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কারণ হিসেবে ‘অনির্ধারিত উদ্দেশ্যে’ আগ্নেয়াস্ত্রজনিত আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্য অনেক সময় আত্মহত্যার ঘটনাকে আড়াল করার জন্য ব্যবহার করা হয়।
রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি তথ্যভান্ডার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বেলারুশের সরকারবিরোধী হ্যাকিং গ্রুপ সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো ওই তথ্য সংগ্রহ করে। রাশিয়ার সরকার সামরিক বাহিনীর আত্মহত্যা কিংবা যুদ্ধে হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না। এসব তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত।
সব মিলিয়ে যুদ্ধে আত্মহত্যায় প্রাণ হারানো সেনার সংখ্যা একটি রুশ সামরিক রেজিমেন্টের সমান। েপ্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ৮৭ জনের মধ্যে অন্তত ৬১৪ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চল কিংবা সীমান্তবর্তী রুশ এলাকায়। এসব এলাকার মধ্যে বেলগোরোদ ও ব্রিয়ানস্ক উল্লেখযোগ্য। আত্মহত্যার অর্ধেকের বেশি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে। মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সামরিক শিবির, যুদ্ধক্ষেত্র, প্রশিক্ষণকেন্দ্র এবং ব্যক্তিগত বাসায়। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করা সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন।
বছরভিত্তিক পরিসংখ্যানেও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির চিত্র দেখা যায়। ২০২২ সালে এ ধরনের মৃত্যুর সংখ্যা ছিল ৫০-এর বেশি। ২০২৪ সালে তা ২০০ ছাড়ায় এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জনে পৌঁছায়। ২০২৬ সালেও তথ্যভান্ডারে প্রায় ৩০০ আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও চলতি বছরের তথ্য এখনো অসম্পূর্ণ।
























