রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনেই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ও নিরাপত্তাগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সরকারি নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এ সংকট দীর্ঘায়িত না করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।
এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণার প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জাতিসংঘের প্রতিনিধি কেলি ই কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অতীতে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহযোগীরা কাজ করে যাচ্ছে।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনের বিষয়টিও গুরুত্ব পায়। এসব অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















