শার্শার ৩২ পূজামণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় বেনাপোল রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে নগদ আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে ৬০০ কেজি করে চাল দিয়েছেন। সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছেন এবং সার্বক্ষণিক সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উপলক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন বেনাপোল পৌর পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল। শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক ও আবদার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি,সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।






















