নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে তিনি স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ভোররাতে বাড়ি ফিরে বাইরে খেলা দেখা এবং দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। কিছু দূর গিয়ে স্ত্রী আবার ঘরে ফিরে এসে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। স্থানীয়রা আরও জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে। কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”











