ইউপি নির্বাচনের তারিখ ১২ অক্টোবর চূড়ান্ত হবে: ইসি সানাউল্লাহ
কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ সোমবার (১২ অক্টোবর) চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সানাউল্লাহ বলেন, সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো। তখন ওই নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে-কবে হবে।
তিনি বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। তফসিল ঘোষণা করবেন মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম- আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধারাবাহিকভাবে সব কাজ চলতে থাকবে। সোমবারে যেহেতু কমিশন সভা রয়েছে সেখানে আমরা সব বিষয়ে আলোচনা করবো।
তিনি জানান, ইউরোপিয়ান অবজারভেশন মিশনের প্রতিনিধিরা ইসির সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরামর্শ দিয়েছেন। তারা আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান। নির্বাচনে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি।























