জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেবেন আজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পার্শ্ব বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের মূল উৎপত্তি মায়ানমারে এবং এর সমাধানও সেখানে। বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত হয়ে থাকুক। প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ জন্য তাকে ১৫ মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ।
রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পেশ করা পাঁচ দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি করতে হবে। মায়ানমারের অভ্যন্তরে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরিতে বৈশ্বিক অংশীদারদের সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।
দ্বিতীয় প্রস্তাবে মায়ানমারে বেসামরিক মানুষের ওপর সহিংসতা অবিলম্বে বন্ধ করা এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নিজ ভূমিতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে তবেই রোহিঙ্গাদের মনে ফিরে যাওয়ার আত্মবিশ্বাস তৈরি হবে।
তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশি জনগণের জন্য পর্যাপ্ত ও ধারাবাহিক মানবিক সাহায্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সহায়তার পরিমাণ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে জানানো হয়, ২০২৫ সালের জন্য ৯৩৪ মিলিয়ন ডলারের আবেদন করা হলেও ২০২৬ সালে তা কমে ৭১০ মিলিয়ন ডলারে নেমে এসেছে।
চতুর্থত, টেকসই প্রত্যাবাসনের স্বার্থে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়। মায়ানমারে সংঘটিত গুরুতর অপরাধের দায়ীদের শাস্তির আওতায় আনতে আন্তর্জাতিক বিচারিক ও তদন্ত সংস্থাগুলোকে অব্যাহত সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।
পঞ্চম ও শেষ প্রস্তাবে মাদক পাচার, মানব পাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র চোরাচালানসহ নানাবিধ আন্তসীমান্ত অপরাধ দমন করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে আজ ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেন। এর ১৩ বছর পর তারেক রহমানের মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে একই মঞ্চে প্রথমবার ভাষণ দেন। এবার জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এর আগে এই উপমহাদেশের শ্রীলঙ্কা থেকে একই পরিবারের তিন সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী আর ডি বন্দরনায়েকে, তার স্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে ও মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা।
অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে পাঁচ তারকা হোটেল দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সাক্ষাৎ হয়।
প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী আজ বাংলায় ভাষণ দেবেন। তার বক্তব্যে বাংলাদেশের নবায়িত গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, রোহিঙ্গা সংকট, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ ভাষণকে বাংলাদেশের বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দেশের গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি এবং রাষ্ট্র পরিচালনায় নতুন সরকারের অগ্রাধিকারগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরতে পারেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানাতে পারেন। একই সঙ্গে মায়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেবেন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হতে পারে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতিসংঘসহ বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেতে পারে। বিশ্বশান্তি ও নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দিতে পারেন তিনি।
প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যার মধ্য দিয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় গতকাল ভোর ৫টা) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন এ কথা বলেন।
মাহদী আমিন জানান, দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত একটি বিশেষ প্রাতরাশ (ব্রেকফাস্ট) কর্মসূচিতে যোগ দেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
ট্রাম্প ও মেলানিয়ার নৈশভোজে অংশগ্রহণ
প্রথম দিনের শেষভাগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এতে অংশ নেন।
তুরস্কের প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, সফরের প্রথম দিনেই আঞ্চলিক সহযোগিতার জোর তাগিদ দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তারেক রহমান। এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা (রিজিয়নাল কো-অপারেশন) বৃদ্ধিতে দীর্ঘ আলোচনা হয়।
এ ছাড়া প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর এক গঠনমূলক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সফল উপস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট। বৈঠকে বিনিয়োগ, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভুটান ও মালদ্বীপের মতো তুরস্কের প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের বহুমাত্রিক সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট সমাধানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক
অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, একটি ছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে এবং অন্যটি জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের সঙ্গে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল।
মাহদী আমিন বলেন, প্রথম দিনে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংকের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ শিথিলকরণ (ডি-রেগুলেশন), অর্থনৈতিক উদারীকরণ এবং বাজেট সহায়তা নিয়ে বিশদ আলোচনা হয়। দেশের সার্বিক উন্নয়ন প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক কীভাবে আরও জোরালো ভূমিকা রাখতে পারে এবং আগামী দিনে যৌথ অংশীদারত্ব বাড়িয়ে একসঙ্গে কাজ করা যায়, তা বৈঠকে অগ্রাধিকার পায়।
তিনি বলেন, এর একটি ছিল ইউরোপিয়ান কাউন্সিল এবং অন্যটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে। তবে মেটার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মনোনীত একটি উচ্চপর্যায়ের বিশেষ প্রতিনিধিদল বৈঠক সম্পন্ন করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক খান।
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ
এদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউসের আয়োজনে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ফস্টারিং দ্য ফিউচার টুগেদার উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। দ্য সেন্ট রেজিস নিউইয়র্ক হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। শিশুদের জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আগামীকাল প্রধানমন্ত্রীর কর্মসূচি
আগামীকাল প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক। হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিস্টেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ শীর্ষক বৈঠকে তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন।
কাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এরপর মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সাধারণ অধিবেশনের বিতর্ক পর্বে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠক করবেন।
সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত হবে।























