ঋণ ও প্রতারণার অভিযোগে আত্মগোপনে থাকা যুবকের মরদেহ উদ্ধার
ঋণ ও প্রতারণার অভিযোগে আত্মগোপনে থাকা যুবকের মরদেহ উদ্ধার
পূর্বে ঋণ ও প্রতারণার অভিযোগে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে থাকা এক যুবকের মরদেহ নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৪২)।
তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার গুতমা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ পৌরসভার পূর্ব বাজার এলাকার সামছু মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু নিজ এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আত্মগোপনে ছিলেন। এ কারণে গত ১৫ জুন সেনবাগ পূর্ব বাজার এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং দুই দিন পর সেখানে বসবাস শুরু করেন।
বাসার মালিক পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলেও পরে দেবেন বলে জানিয়ে তিনি আর তা জমা দেননি। বৃহস্পতিবার দুপুরে তিনি বাসার পাশের একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে বাসার মালিক ঘরের দরজা খোলা দেখে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।









