নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড
নোয়াখালীতে পৃথক দুই ঘটনায় গৃহবধূ হত্যা ও শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। একটি মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর মামলায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভোরে নামাজরত অবস্থায় স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন। মামলায় নিহতের ছেলে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেন, যা রায়ে বিশেষ প্রভাব ফেলে।
অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী। তিনি জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করেছেন, যা সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।










