দিল্লিতে যুবককে চড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে ধাক্কা দিলেন মন্ত্রীকে
ভারতের নয়াদিল্লির বিজেপি রাজ্য সরকারের পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ ভার্মা এক যুবককে সবার সামনে থাপ্পড় মারেন। এরপর সাথে সাথে ওই যুবকও মন্ত্রীকে সবার সামনে ধাক্কা দিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর একটি সড়কের দুর্নীতি দেখতে গিয়ে মেজাজ হারান এ মন্ত্রী।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) এমএলএ জারনাইল সিং ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিজেপির মন্ত্রীকে দেখাচ্ছিলেন কত দুর্নীতি করে রাস্তা তৈরি করা হয়েছে, যা হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে।
ওই সময় এএপির এমএলএ এবং বিজেপির ওই মন্ত্রীর মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। আর ওই সময় সেখানকার লাইভ ভিডিও করছিলেন এমএলএ-এর সহকারী সাহিব সিং। তিনি মন্ত্রীর খুব কাছে মোবাইল ধরে ছিলেন। এ সময় হঠাৎ করে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে তার হাত থেকে মোবাইল ফেলে দেন এবং তাকে একটি থাপ্পড় মারেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তাকেও ধাক্কা দেন। এরপর সেখানে থাকা অন্যান্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
এনডিটিভি জানিয়েছে, এমএলএ-এর সহকারী সাহিব সিং পুলিশের কাছে অভিযোগ করেছেন। যদিও এটি পুলিশ আমল-অযোগ্য অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করেছে। ফলে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে একজন ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে।
এদিকে মন্ত্রী প্রবেশ ভার্মা দাবি করেছেন, ওই যুবক তার পরিবার নিয়ে বাজে মন্তব্য করছিল। এ কারণে তিনি তাকে থাপ্পড় মেরেছেন। এ ঘটনার পর আম আদমি পার্টি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। সূত্র: এনডিটিভি
























